নেপাল-তিব্বতে বন্যায় নিহত ৩৯২, নিখোঁজ দেড় হাজারের বেশি
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন এক হাজার ৫০০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশটিতে ৩৪টি দেশের ৬৬৮ জন পর্যটকের সঙ্গে বুধবার সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিখোঁজ পর্যটকদের বেশির ভাগই ট্রেকিং অভিযানে ছিলেন।
নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের ২৮৮ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিয়িরং কাউন্টিতে ২৬০ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা, বিবিসি