বিয়ের আসরে বর দেখে বিয়েতে অস্বীকৃতি কনের, ‘ছবি দেখানো হয়েছিল অন্য যুবকের’
ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলার গুরু হরসাহাই এলাকায় বিয়ের আসরে বরকে সামনে থেকে দেখার পর বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন এক কনে। তাঁর অভিযোগ, বিয়ের আগে তাঁকে যে যুবকের ছবি দেখানো হয়েছিল, বিয়ের আসরে বর হিসেবে আসা ব্যক্তি তিনি নন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে আসে। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরুর আগেই কনে আপত্তি জানান। পরিবারের সদস্যদের কাছে তিনি দাবি করেন, আগে যে যুবকের ছবি তাঁকে দেখানো হয়েছিল, তাঁর পরিবর্তে অন্য একজনকে বর হিসেবে আনা হয়েছে।
কনের এমন অভিযোগের পর দুই পরিবারের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।
তবে কনের অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার। তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ ছিল এবং কনের পরিবারের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।
বরের নানা মহেন্দ্র সিং বলেন, বিয়ের মধ্যস্থতাকারী ও কনের মায়ের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।
পরে ঘটনাটি পুলিশের কাছে গড়ায়। বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।
গুরু হরসাহাইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তেজিন্দরপাল সিং জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হয়।
তদন্ত চলাকালেই দুই পরিবার নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করে নেয়। তবে পারিবারিকভাবে বিষয়টি মিটে গেলেও শেষ পর্যন্ত ওই বিয়ে আর সম্পন্ন হয়নি।