সিলেটে তিন খুন: হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার
সিলেট নগরীর রায়নগরে বৃদ্ধ স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে রায়নগর এলাকার একটি স্থান থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়া (৪০)কে বুধবার বিকেল ৫টার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়া (কবিরাজের) ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর বাবুল মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযান চালানো হয়।
বুধবার বাবুল মিয়ার দেখানো স্থানে তল্লাশি চালিয়েও ছুরিটি পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে একই স্থানে আবারও অভিযান চালিয়ে ছুরিটি উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার সকালে নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহকর্মী তাহমিনা বেগম (২৫)।
পুলিশ জানায়, আব্দুস সাত্তার তাঁর স্ত্রীকে নিয়ে রায়নগরের নিজ বাসায় বসবাস করতেন। তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।