সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বড়শালঘর ইউনিয়ন যুবলীগের নেতা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি (সোহেল রানা) একই গ্রামের কয়েকজন শিক্ষার্থীকে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে ডেকে নেন। পরে তাদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন। মিছিলের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়।
ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা জানান, বিদ্যালয়ের কার্যক্রম শুরুর আগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি শিক্ষার্থীদের সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে মাজার গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয়। বিষয়টি জানতে পেরে দ্রুত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়। তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। শিশুদের দিয়ে রাজনৈতিক মিছিল করানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।