গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পর দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের এক কর্মী।
সোমবার (৩ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং দক্ষিণ ধনয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতির অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না।
এর আগে, গত ২৯ জুলাই শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনির জানান, মাহবুব আলম দলের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় পরে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পর মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, জীবনে আর কখনও রাজনীতিতে ফিরবেন না।