সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি
যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা; হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো অজানা
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে দাবি করা হয়েছে। প্রায় চার মাস পর সৌদি আরবকে কেন্দ্র করে এটি তেহরানের প্রথম সরাসরি সামরিক হামলা।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদক।
তবে সর্বশেষ হামলায় সৌদি আরবের কোন মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে কিংবা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইরান।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বেড়েছে। এর ফলে হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনাও নতুন করে তীব্র হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটেই সৌদিতে মার্কিন ঘাঁটিতে সর্বশেষ হামলার খবর সামনে এলো।