টানা বৃষ্টি-জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত প্রায় ২০ হাজার পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার দুর্ভোগের মধ্যেই দেশের ৫৯টি জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা। প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) সারা দেশে মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা বা ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে শিক্ষার্থীদের।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। ফলে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৫ হাজার ৯৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এতে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৩ হাজার ৪৫০ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।
এদিন অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫ জন বহিষ্কৃত হয়েছেন।
রাজশাহী ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ চারজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। ঢাকা বোর্ডে দুজন বহিষ্কৃত হলেও কুমিল্লা শিক্ষা বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।