মাঠের খেলার পাশাপাশি শৃঙ্খলা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে আবারও প্রশংসা কুড়িয়েছেন জাপানের ফুটবল সমর্থকরা। ম্যাচ শেষে অন্যান্য দর্শকদের মতো দ্রুত স্টেডিয়াম ত্যাগ না করে গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেই বের হয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে জাপান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও আলোচনার কেন্দ্রে ছিল জাপানি সমর্থকদের ব্যতিক্রমী আচরণ।
ম্যাচ শেষে ডালাসের স্টেডিয়ামে জাপানি দর্শকদের পানির বোতল, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করতে দেখা যায়। পরে সেগুলো ব্যাগে ভরে নির্ধারিত স্থানে ফেলেন তারা। পুরো গ্যালারি পরিষ্কার করার পরই স্টেডিয়াম ত্যাগ করেন সমর্থকেরা।
এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তাদের দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার প্রশংসা করেন।
এ ধরনের ঘটনা অবশ্য জাপানি সমর্থকদের জন্য নতুন নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও নিজেদের দলের পাশাপাশি অন্য দলের ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছিল তাদের।
জাপানের ক্রীড়া সংস্কৃতির অংশ হিসেবেই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার এই চর্চা গড়ে উঠেছে। দেশটির ঘরোয়া ফুটবল লিগেও খেলা শেষে দর্শকদের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায়। তাদের বিশ্বাস, খেলা উপভোগ করার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখাও একজন দর্শকের দায়িত্ব।
বিশ্বের বিভিন্ন ক্রীড়া আসরে বারবার এমন ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে জাপানি সমর্থকেরা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করে চলেছেন।