তুচ্ছ বিরোধ থেকে তিন খুন: ময়মনসিংহে বিএনপি কর্মী নিহত, চাঁদপুরে কিশোরের লাশ নিয়ে বিক্ষোভ
দেশের তিন জেলায় পৃথক ঘটনায় বিএনপির এক কর্মী, এক কিশোর ও এক যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি কর্মী রানা মিয়া হত্যার অভিযোগ উঠেছে। চাঁদপুরে জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর ইয়াছিনের মৃত্যু ঘিরে বিক্ষোভ হয়েছে। আর নেত্রকোনায় দুই হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মিলন মিয়া।
ময়মনসিংহে বিএনপি কর্মী হত্যা
ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে রানা মিয়া নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ভাই মোফাজ্জল হোসেন ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
অভিযোগে প্রধান আসামি করা হয়েছে মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলাম মাস্টার ও তাঁর ছেলে ফাহিম হাসানকে। পরিবারের দাবি, বড় ভাইকে রক্ষা করতে গেলে শাবলের আঘাতে গুরুতর আহত হন রানা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রানার মরদেহ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িসহ অন্তত ছয়টি বসতঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে কিশোরের লাশ নিয়ে বিক্ষোভ
চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় গাছ থেকে জাম পাড়া নিয়ে বিরোধের জেরে ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্বজনদের দাবি, মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্ত মুসা প্রধানীয়া লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার বিচারের দাবিতে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। অভিযুক্ত মুসা ঘটনার পর থেকে পলাতক।
নেত্রকোনায় দুই হাজার টাকা নিয়ে খুন
নেত্রকোনার কেন্দুয়ায় মাত্র দুই হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে মিলন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইমন মিয়ার সঙ্গে মিলনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মিলন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গ্রামবাসী অভিযুক্ত ইমন ও তাঁর মা হাবিবাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।