কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে ডুবে যাওয়া কলেজছাত্র আবদুল্লাহ মোহাম্মদ শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরিদল নদীর কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। শিহাব উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলো শিহাব।
জানা যায়, গত শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের যৌথ প্রচেষ্টায় অভিযানে সকালে শিক্ষার্থী শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পর থেকে পুলিশ ঘটনাস্থলে ছিল।