যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই প্রয়োজনে ইরানে এককভাবে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, যেকোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ইসরায়েলের।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেফরিন দাবি করেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকেও সরে আসেনি তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরান নিয়মিত একে অপরকে হুমকি দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরায়েলে হামলা চালালে বোমা হামলার মাধ্যমে ইরানকে ‘প্রস্তর যুগ ও অন্ধকারে’ ফিরিয়ে নেওয়া হবে।
নিষেধাজ্ঞা ও যুদ্ধেও থামেনি ইরানের অগ্রযাত্রা
এদিকে শত্রুদের চাপ মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন একটি নগর রেলপথ নির্মাণের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। তাই সব মতপার্থক্য দূরে সরিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা ইরানের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তা সত্ত্বেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে চলেছে।
সূত্র: বিডিপ্রতিদিন