ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-৪) শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আলোচনা করেও মজুরির নির্দিষ্ট অঙ্ক নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হতে পারেননি। পরে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ভোরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে ১৭ হাজার টাকার প্রস্তাব গৃহীত হয়েছে।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বোর্ড চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোট নেওয়া হয়।
সভায় শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
চেয়ারম্যান আরও জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকই নতুন কাঠামোর সুফল পাবেন।
এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেনটিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনায় নির্ধারণ করা হবে।
বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় ও কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা হবে।
নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পরিশোধ করা বেতনে শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন। তবে এ জন্য পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও গেজেট প্রকাশ সম্পন্ন হতে হবে।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।