গ্রামীণ ব্যাংকের তিন শাখায় হামলা, দুই স্থানে বোমা নিক্ষেপ ও একটিতে আগুন
দেশের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বগুড়ার কাহালু ও নেত্রকোনার দুর্গাপুরে দুটি শাখা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, টাঙ্গাইলের নাগরপুরে একটি শাখায় আগুন দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে।
কাহালুতে বোমা নিক্ষেপ
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নৈশপ্রহরী মোয়াজ্জেম হোসেন জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ফটকে আগুন ধরলে তিনি তা নিভিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দুর্গাপুরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের সামনের দরজার কাচ ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বোমা বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক জানান, গভীর রাতে রাস্তার দিক থেকে পেট্রোলভর্তি কাচের বোতল ছুড়ে মারা হয়। বিস্ফোরণের শব্দ শুনে বাইরে থাকা আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে যায়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ভবনের নিচতলার জানালা খুলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের বোতল ও পোড়া ন্যাকড়া পাওয়া গেছে।
ব্যাংকের ব্যবস্থাপক হারিজুর রহমান জানান, নাইটগার্ডের মাধ্যমে আগুনের খবর পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
এদিকে, গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের গত বৃহস্পতিবারের নোট অনুযায়ী, দেশের ৪০টি জেলায় গত ৯ দিনে ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত আরও ছয়টি শাখায় বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
(ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর)