কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে একদল ব্যক্তি বাড়িটির নিচতলার গ্যারেজে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাড়িটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। এ ছাড়া কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। তবে পরে জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় ও ভাঙচুর-অগ্নিসংযোগের কারণ জানা যায়নি।