বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি
বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ইমেইল পাঠানোর ঘটনায় ইতালিতে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে এসব হুমকিকে ভুয়া বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে নাশকতামূলক তৎপরতার ঘটনা ঘটেছে।
ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেন, স্কুলগুলোতে পাঠানো হুমকিগুলো আপাতত ভুয়া বলে মনে করা হচ্ছে। তবে আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে।
রাজধানী রোমের একটি স্কুল মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিভাবকদের জানায়, দেশজুড়ে বোমা হামলার হুমকির পর সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।
ভালদিতারা বলেন, বিপুলসংখ্যক স্কুলকে একসঙ্গে লক্ষ্য করে হুমকি দেওয়ার বিষয়টি এসব বার্তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি ইমেইলের অনুলিপিতে ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ পরিচয় ব্যবহার করে বার্তার শেষে স্বাক্ষর করা হয়েছে। গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়েও একই পরিচয়ে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল।
রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালির পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
রাশিয়া ও ইরানের বিরুদ্ধে সংশ্লিষ্টতার সন্দেহ
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোতে ধারাবাহিক নাশকতামূলক তৎপরতার পেছনে মস্কোর হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডে ইরানের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ রয়েছে। গত সপ্তাহে সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেটর অচল হয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স। তবে তেহরান এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো বুধবারের হুমকিগুলোকে ভীতি ও আতঙ্ক ছড়ানোর সুস্পষ্ট কৌশল হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা আদনক্রোনোসকে তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে সব সময় বিদেশি রাষ্ট্র বা শত্রুভাবাপন্ন গোষ্ঠী জড়িত থাকে না। মনোযোগ আকর্ষণে আগ্রহী ব্যক্তি কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষও এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতে পারে।
এদিকে ইতালির স্কুলপ্রধানদের সংগঠনের প্রধান আন্তোনেল্লো জান্নেল্লি বলেন, এসব হুমকির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, হুমকিগুলো ভুয়া হলেও এ ধরনের ঘটনায় পুরো শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়ায় এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। তাই এর পরিণতি কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই।