খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, ভেতরে ঘুমাচ্ছিলেন সহকারী
খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় বাসটির ভেতরে চালকের সহকারী ঘুমিয়ে ছিলেন। তবে তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছায়। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় বাসের ভেতরে থাকা চালকের সহকারী নিরাপদে রয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।