ইরানের ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে খুব শিগগিরই জানা যাবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখন আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনোই না ঘটে?’
ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেই হতে পারে। এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’
মার্কিন প্রেসিডেন্টের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিধ্বস্ত অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না এবং এ প্রক্রিয়ায় ওয়াশিংটনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’
তবে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা জানালেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।