কটিয়াদীতে ছুরিকাঘাতে সাবেক এমপির ছেলে গুরুতর আহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানা গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত রানা একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক ও কিশোর মাদক সেবন করছিল। এ সময় কলেজের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে তাদের মাদক সেবন করতে দেখে ক্ষুব্ধ হন রানা। তিনি তাদের গালাগাল করেন এবং মাঠ ছেড়ে চলে যেতে বলেন।
এ সময় আফতাব উদ্দিন নামের এক কিশোর মাঠ থেকে যেতে অস্বীকৃতি জানালে রানা তাকে চড় মারেন। পরে আফতাব বাড়িতে গিয়ে তার চাচা তাজুল ইসলামকে বিষয়টি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে তাজুল ঘর থেকে একটি ছুরি নিয়ে গচিহাটা বাজারে রানাকে খুঁজতে যান।
পরে একটি ফার্মেসিতে বসে থাকা অবস্থায় রানার ডান হাতের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাজুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আজিজুল হক জানান, ছুরিকাঘাতে রানার ডান হাতের নিচের অংশের বেশ খানিকটা কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।