ব্রহ্মপুত্রের মাঝনদীতে যমজ সন্তানের জন্ম দিলেন নারী, সহযোগিতায় এগিয়ে এলেন যাত্রীরা
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝখানে যাত্রীবাহী নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা কয়েকজন নারী যাত্রী ছাতা দিয়ে আড়াল তৈরি করে প্রসবের ব্যবস্থা করেন। তাঁদের সহযোগিতায় প্রথমে একটি ছেলে ও পরে একটি মেয়েসন্তানের জন্ম হয়। মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে।
সমকালের প্রতিবেদন অনুযায়ী, সকালে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় ওঠেন মনোয়ার হোসেন। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝপথে পৌঁছালে হঠাৎ তাঁর স্ত্রীর তীব্র প্রসবব্যথা শুরু হয়।
নৌকায় অতিরিক্ত যাত্রী ও পুরুষদের উপস্থিতিতে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ারও কোনো সুযোগ ছিল না। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নৌকার কয়েকজন নারী যাত্রী এগিয়ে আসেন। তাঁরা ছাতা দিয়ে নৌকার ছইয়ের পেছনের অংশ আড়াল করে প্রসবের ব্যবস্থা করেন। তাঁদের সহযোগিতায় নিরাপদে যমজ সন্তানের জন্ম দেন ওই নারী।
প্রসূতির স্বামী মনোয়ার হোসেন জানান, নদীর মাঝখানে এমন পরিস্থিতিতে তাঁরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তবে নৌকায় থাকা কয়েকজন নারীর সহযোগিতায় কোনো বিপদ ছাড়াই তাঁর স্ত্রী সন্তান জন্ম দিয়েছেন। মা ও দুই সন্তান সুস্থ থাকায় তাঁদের আতঙ্ক মুহূর্তেই আনন্দে রূপ নেয়।
নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, হঠাৎ ওই নারীর প্রসবব্যথা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে কয়েকজন নারীর সহযোগিতায় নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়। মা ও দুই শিশু সুস্থ থাকায় তাঁরা স্বস্তি পেয়েছেন।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে এমন ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া বরাবরই বড় চ্যালেঞ্জ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ভাবা প্রয়োজন।
জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারিকুল ইসলাম জানান, চরাঞ্চলের অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসার জন্য সরকারি বিশেষায়িত কোনো নৌকার ব্যবস্থা নেই। তবে বেসরকারি সংস্থার ‘মমতার তরী’ নামের একটি বিশেষায়িত নৌকা এ অঞ্চলে কাজ করছে।
সচেতন মহলের মতে, চরাঞ্চলের প্রসূতিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারিভাবে ভাসমান চিকিৎসাকেন্দ্র চালু এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ করা জরুরি।