বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে মিরপুরের একাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে ওই এলাকার যান চলাচল ব্যাহত হচ্ছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে ট্রাফিক মিরপুর বিভাগ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশ। এ পরিস্থিতিতে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সপ্তাহের শেষ কর্মদিবসে কয়েক ঘণ্টার ওই অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই পথে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।