হ্যাকারদের অনুপ্রবেশে বিপাকে মার্কিন বিমানবাহিনী, স্থগিত একাধিক কার্যক্রম
মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’-এ বড় সাইবার হামলা, ঝুঁকিতে সামরিক গোপন তথ্যযুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এতে মার্কিন সামরিক বাহিনীর গোপন কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং রসদ সরবরাহব্যবস্থার সংবেদনশীল নথি ঝুঁকিতে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে প্ল্যাটফর্মটির উন্নয়নকাজ চলার সময় সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকে এর বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে কারা এই হামলা চালিয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রম নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি ব্যবহার করা হয়। কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ—বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে।এর গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর একটি ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য সংগ্রহ ও সমন্বয় করে।এ ছাড়া ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের আরেকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি স্থানে থাকা মার্কিন বিমানবাহিনীর বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ করা হয়।২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC)। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে এসএআইসি কোনো জবাব দেয়নি। অন্যদিকে, লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।রয়টার্সের সঙ্গে কথা বলা সূত্রগুলোর একজনের ভাষ্য, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। সেখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন একজন সূত্র। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সাইবার কমান্ড।অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটিতে নতুন করে বিভিন্ন অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে। বিশেষ করে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে নেওয়ার পরিকল্পনা আপাতত বন্ধ রয়েছে।এ ছাড়া আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে শনাক্ত হওয়া গুরুতর সফটওয়্যার দুর্বলতার নিরাপত্তা সংশোধনী প্রয়োগ করতে পারছেন না বিমানবাহিনীর কর্মীরা। কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিন অধিকারও প্রত্যাহার করা হয়েছে।রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিল বলে দাবি করেছেন একটি সূত্র। কন্ট্রোল প্লেনকে তিনি ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করেছেন। এ ধরনের প্রবেশাধিকার থাকলে সামরিক বিমানের কার্যক্রম কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণের সুযোগ তৈরি হতে পারে। তবে এই হামলায় এমন কিছু ঘটেছে কি না, তা নিশ্চিত নয়।কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হামলাটি চালানো হয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি রয়টার্স।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, এআই প্রযুক্তি ব্যবহার করে বড় নেটওয়ার্কের দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব। ফলে ক্লাউডভিত্তিক সামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।এদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সরকারকে আরও কয়েকটি বড় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সামাল দিতে হচ্ছে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্য চুরির ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন ট্রেজারি বিভাগে সাইবার হামলা।