হরমুজ প্রণালিতে আগুনে পুড়ছে তেলবাহী ট্যাঙ্কার, উত্তেজনা
হরমুজ প্রণালিতে আগুনে পুড়ছে তেলবাহী ট্যাঙ্কার, উত্তেজনাহরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ইরানের নৌবাহিনী জানিয়েছে, নৌপথটি বেআইনিভাবে অতিক্রমের চেষ্টাকালে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি ট্যাঙ্কার শনাক্ত করা হয়। জাহাজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল এবং তাতে আগুন জ্বলছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।ইরানি নৌবাহিনীর দাবি, ট্যাঙ্কারটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। এ অবস্থায় জাহাজটি হরমুজ প্রণালির নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এলাকা দিয়ে অবৈধভাবে চলাচলের চেষ্টা করছিল। তবে জাহাজটির পরিচয়, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।বিবৃতিতে ইরানের নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, আরব সাগর ও ওমান সাগরে তাদের নতুন সামরিক বিন্যাসের আওতায় বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে। এসব ইউনিট সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বলে দাবি করেছে দেশটি।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা বা জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।
সূত্র: মেহের নিউজ