হরমুজ প্রণালিতে আরও দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ২৪ ঘণ্টায় পাঁচটিতে অগ্নিকাণ্ড
হরমুজ প্রণালিতে আরও দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ২৪ ঘণ্টায় পাঁচটিতে অগ্নিকাণ্ডকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী। সমুদ্রপথে পেতে রাখা মাইনে আঘাত হানার পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় বলে দাবি করেছে দেশটি।এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায়, সর্বশেষ আগুন লাগা দুটি ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানে। তবে জাহাজ দুটির নাম, মালিকানাধীন দেশ কিংবা সেগুলোতে কী পরিমাণ তেল ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।বিবৃতিতে বলা হয়, সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা এবং সমন্বয় ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশের কারণে ট্যাংকার দুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।ইরানের নৌবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় অননুমোদিত পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগে। জাহাজগুলো নির্ধারিত বা অনুমোদিত নৌপথ অনুসরণ না করে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল বলে দাবি তেহরানের।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। এ ছাড়া মধ্যপ্রাচ্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশও এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়।ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে।তবে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি, নাবিকদের হতাহতের তথ্য কিংবা মাইনের আঘাতে আগুন লাগার বিষয়ে ইরানের দাবির স্বাধীন কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা