জাপানের কাছে হেরে বিশ্বকাপের সরাসরি সুযোগ হারাল বাংলাদেশের মেয়েরা
জাপানের কাছে হেরে বিশ্বকাপের সরাসরি সুযোগ হারাল বাংলাদেশের মেয়েরাজুনিয়র এশিয়া কাপ হকিতে সেরা তিনে থেকে ২০২৭ জুনিয়র বিশ্বকাপে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের। তবে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে সেই সরাসরি সুযোগ হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।চীনের মোকি শহরে আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই জাপানের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। তবে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জাপানকে এগিয়ে দেন ইয়োশিরো হিরাই। শেষ কোয়ার্টারে ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোমোকা সুজুকি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে জাপান।এর আগে চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত পারফরম্যান্স করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও বিশ্বকাপের আশা এখনো পুরোপুরি ছাড়ছেন না বাংলাদেশের হেড কোচ আরিফ আলী।আগামী ১২ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে পরাজিত দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার সুযোগ অবশ্য নির্ভর করছে টুর্নামেন্টের চূড়ান্ত অবস্থান ও এশিয়ার জন্য নির্ধারিত কোটার ওপর।জাপানের বিপক্ষে ম্যাচ শেষে আরিফ আলী বলেন, বাইরে থেকে ম্যাচটি একতরফা মনে হলেও তাঁর দল দারুণ লড়াই করেছে। মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সমতায় ফেরার এমনকি ম্যাচে এগিয়ে যাওয়ারও সুযোগ তৈরি করেছিল। তবে গোল না পাওয়াটাই ছিল সবচেয়ে বড় আফসোস।বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কোচ আরও বলেন, জাপানের বিপক্ষে দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। পুরো জুনিয়র এশিয়া কাপেও বাংলাদেশ কী করতে পারে, সেটি দেখাতে পেরেছে।বাড়তি কোটার আশায় বাংলাদেশ২০২৭ নারী জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া থেকে মূলত চারটি দল খেলার সুযোগ পাবে। তবে এশিয়ার কোনো দেশ বিশ্বকাপের আয়োজক হলে এই সংখ্যা বেড়ে পাঁচটি হতে পারে।আরিফ আলীর আশা, এশিয়ার জন্য বাড়তি একটি কোটা পাওয়া গেলে বাংলাদেশও বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। তবে এখনো বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত হয়নি।
টুর্নামেন্টের শেষ ম্যাচটি জিতে ভালোভাবে আসর শেষ করতে চান বাংলাদেশের কোচ। এ জন্য এখন খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধার করে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।