পায়ুপথে লুকানো স্বর্ণের ‘ডিম’, বিমানবন্দরে যাত্রী আটক
পায়ুপথে লুকানো স্বর্ণের ‘ডিম’, বিমানবন্দরে যাত্রী আটকহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা ধরা পড়েছে। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির প্যাকেট থেকে স্বর্ণের পেস্ট উদ্ধার করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। পরে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ান সংস্থাটির গোয়েন্দারা।ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, ওই ফ্লাইটের যাত্রী আরমান উদ্দীন সিদ্দিক ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ভেতরে স্বর্ণের পেস্ট পাওয়া যায়।কাস্টমস কর্মকর্তার তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর এতে প্রায় এক কেজি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।