ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই, সন্দেহ সোমালি জলদস্যুদের

ইয়েমেনের উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সোমালি জলদস্যুদের বিরুদ্ধে। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালিদের মধ্যে মিশে থেকে তারা এ ছিনতাইয়ের পরিকল্পনা করে বলে ধারণা করা হচ্ছে।শনিবার (২৮ নভেম্বর) সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে অস্ত্রধারীরা উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মার্সা ভির্গো। মার্সা ওশেন শিপিং নামের আমিরাতভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন জাহাজটি পানামার পতাকা নিয়ে চলাচল করছিল।নিরাপত্তা কর্মকর্তারা জানান, ছয়জন জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। পরে তারা পণ্যবাহী জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তাঁরা সবাই জাহাজের নিরাপদ কক্ষে অবস্থান করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাহাজ ছিনতাইয়ের এই তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে গত জুলাই থেকে শুরু হওয়া উত্তেজনার কারণে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় ওই অঞ্চলে জলদস্যুদের কার্যক্রম অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এমন পরিস্থিতির মধ্যেই আমিরাতের মালিকানাধীন জাহাজ ছিনতাইয়ের অভিযোগ সামনে এল।সূত্র: এএফপি

ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই, সন্দেহ সোমালি জলদস্যুদের