ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
RTN News

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা, বিএনপি-জামায়াতকে দায়ী করল দলটি

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা, বিএনপি-জামায়াতকে দায়ী করল দলটিরাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে একদল যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে সিপিবি। তবে বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।ঘটনার পর মুক্তিভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বাংলা ট্রিবিউনকে বলেন, একদল যুবক তাঁদের কার্যালয় মুক্তিভবনে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য তিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।তিনি জানান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে সন্ধ্যায় আটক এবং পরে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলাকারীদের অভিযোগ, সিপিবির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তবে সাজ্জাদ জহির চন্দন দাবি করেন, তাঁদের কার্যালয় থেকে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি।এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়া হলে তাঁর সমর্থকেরা উল্লাস করতে করতে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি হামলা চালান।ওসি আরও বলেন, হামলাকারীদের মধ্যে কেউ কেউ বিএনপির নেতাকর্মী বলে সিপিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে।

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা, বিএনপি-জামায়াতকে দায়ী করল দলটি