ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
RTN News

পুবাইলে বেওয়ারিশ কুকুরের উৎপাত, দুই দিনে আহত ১০ জন; স্কুল বন্ধ

পুবাইলে বেওয়ারিশ কুকুরের উৎপাত, দুই দিনে আহত ১০ জন; স্কুল বন্ধগাজীপুর মহানগরীর পুবাইলের হায়দারাবাদ মজিবর মার্কেট এলাকায় হঠাৎ বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। গত দুই দিনে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।কুকুরের আক্রমণের আতঙ্কে মঙ্গলবার হায়দারাবাদ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত থেকে এলাকায় কুকুরের উৎপাত বাড়তে থাকে। রাতে একজনকে কামড়ানোর পর মঙ্গলবার সকাল থেকে একের পর এক মানুষকে ধাওয়া করে কুকুর কামড়াতে থাকে। এতে কয়েকজন শিশু ও অভিভাবক আহত হন।কুকুরের ভয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। জরুরি প্রয়োজনে বের হলেও কেউ কেউ সঙ্গে লাঠিসোঁটা রাখছেন। মসজিদ, বাজারসহ প্রয়োজনীয় স্থানে যেতেও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সন্তানদের স্কুলে পাঠাতেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসী দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে চলাচল করছেন। কুকুরের আক্রমণ থেকে নিজেদের ও শিশুদের রক্ষা করতেই এভাবে চলাচল করছেন বলে জানিয়েছেন তাঁরা।হায়দারাবাদ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শাহিন আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর অভিভাবক কুকুরের কামড়ে আহত হয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ (মঙ্গলবার) বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সিটি করপোরেশনকেও জানানো হয়েছে।’এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কুকুরের আক্রমণ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

পুবাইলে বেওয়ারিশ কুকুরের উৎপাত, দুই দিনে আহত ১০ জন; স্কুল বন্ধ