শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধনে ফুঁসে উঠল শিক্ষার্থীরা
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, মানববন্ধনে ফুঁসে উঠল শিক্ষার্থীরামানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ কর্মসূচি। পরে শিক্ষকদের আশ্বাসে দেড় ঘণ্টাব্যাপী আন্দোলন শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যায়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবুল কালাম শামসুদ্দিন। একই দিন পূর্বে পদত্যাগ করা প্রধান শিক্ষক কোহিনুর ইসলামকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলাকালে সিনিয়র সহকারী শিক্ষক মনজুরুল আলম আপত্তি জানান। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিলে একপর্যায়ে কিছু বহিরাগত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘শিক্ষকের ওপর হামলা কেন? জবাব চাই, বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের ভাষ্য, একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর নয়, শিক্ষাব্যবস্থা ও সভ্য সমাজের ওপরও আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।