ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

বেলুচিস্তানে ১১ কয়লাখনি শ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অপহরণের পর সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে অন্তত ১১ জন কয়লাখনি শ্রমিক নিহত হয়েছেন। রোববার প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কোহলু জেলার জানদ্রান এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা চামালাং কয়লাখনিতে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সিনিয়র পুলিশ সুপার তৈয়ব ইকবাল জানান, নিহতদের মরদেহ কোহলুর জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু করেছে।এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। শ্রমিকদের হত্যাকে অমানবিক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। নিরস্ত্র শ্রমিকদের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।প্রাদেশিক সরকারের মিডিয়াবিষয়ক সহকারী বাবর ইউসুফজাইও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কর্মজীবী মানুষকে লক্ষ্যবস্তু করা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। নিরপরাধ শ্রমিকদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি সময়ে এই দুই প্রদেশে সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতায় নিহত ব্যক্তিদের প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশের। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় নিহত হয়েছেন ৪৭৫ জন, যা মোট মৃত্যুর ৬১ শতাংশের বেশি। অন্যদিকে বেলুচিস্তানে নিহত হয়েছেন ২৬৫ জন, যা মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ।একই সময়ে খাইবার পাখতুনখাওয়ায় ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা দেশের মোট ঘটনার ৫৭ শতাংশ। আর বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।সূত্র: জিও নিউজ ও আনাদোলু এজেন্সি।

বেলুচিস্তানে ১১ কয়লাখনি শ্রমিককে গুলি করে হত্যা