কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, বোটমালিক আটক
কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, বোটমালিক আটকরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাত (১৮-১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় তাঁর মাছ ধরার বোটের মালিক শফিককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের জোড়াটিলা এলাকায় কাপ্তাই হ্রদের পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, আটক শফিকের দেখানো স্থানেই আরাফাতের মরদেহ পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন আরাফাত। তিনি শফিকের মাছ ধরার বোটে শ্রমিক হিসেবে কাজ করতেন। কেঁসকি জাল টেনে মাছ ধরা ছিল তাঁর প্রধান দায়িত্ব। নিখোঁজ হওয়ার পর তাঁকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু হয়। বোটের মালিক শফিকসহ অন্যরাও তাঁকে খোঁজার কথা জানান। পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে শফিককে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে বরকল উপজেলার জোড়াটিলা এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে হ্রদের পানির নিচ থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির সঙ্গে পাথর বাঁধা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শফিককে আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।