রসগোল্লার ভেতরে বোমা, মুখে দিতেই বিস্ফোরণ; প্রাণ গেল যুবকের
রসগোল্লার ভেতরে বোমা, মুখে দিতেই বিস্ফোরণ; প্রাণ গেল যুবকেরভারতের মধ্যপ্রদেশে প্রতিবেশীর দেওয়া রসগোল্লা মুখে দিতেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সী এক যুবক। মিষ্টির ভেতরে লুকানো ছিল বুনো শূকর শিকারের জন্য ব্যবহৃত দেশি বোমা। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে মধ্যপ্রদেশের ডিন্ডৌরি জেলার কোতোয়ালি থানার অন্তর্গত পড়রিয়া ছাঁটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাজেন্দ্র বরৌতিয়া।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এ সময় তাঁর প্রতিবেশী রামভগৎ বরৌতিয়া সেখানে এসে পাশে বসেন। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাজেন্দ্রকে একটি রসগোল্লা খেতে দেন তিনি।রসগোল্লাটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাজেন্দ্র গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে অটোরিকশায় করে ডিন্ডৌরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।ডিন্ডৌরি কোতোয়ালি থানার পরিদর্শক দুর্গাপ্রসাদ নাগপুরে জানান, রাজেন্দ্রকে দেওয়া রসগোল্লার ভেতরে বুনো শূকর শিকারের জন্য ব্যবহৃত দেশি বোমা রাখা হয়েছিল। মিষ্টিটিতে কামড় দেওয়ার পরই বিস্ফোরণ ঘটে।পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে মিষ্টির ভেতরে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত রামভগৎ বরৌতিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা হয়েছে।তবে কী কারণে রাজেন্দ্রকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। বিস্ফোরকটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: এনডিটিভি