রাতের আঁধারে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা,আসবাবপত্র লুট
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৌরসদর বাজারের ডাকবাংলো সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।স্থানীয়দের বরাতে জানা যায়, পুরোনো টিনশেড ভবনের এক অংশে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য অংশে মুক্তিযোদ্ধা হযরত আলী বসবাস করতেন। রাতে দুর্বৃত্তরা উভয় অংশে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও নথিপত্র লুট করে নেয়। যা নিতে পারেনি, সেগুলোও ভেঙে তছনছ করা হয়।ঘটনার পর মুক্তিযোদ্ধারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।