ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইতিহাস গড়া এক প্রত্যাবর্তনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝমাঠে বারবার বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ১৫তম মিনিটে এগিয়ে যায় মিশর। মারওয়ান আত্তিয়ার নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম।চার মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস ত্যাগলিয়াফিকোকে ফাউল করায় পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। তবে স্পট কিক থেকে লিওনেল মেসির নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।গোল শোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ২৮তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড এবং ৩৯তম মিনিটে জুলিয়ান আলভারেজের শটও রুখে দেন শোবেইর। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্কালোনির দল।দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে মিশর। ৬৭তম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোস্তাফা জিকো। ২-০ গোলে পিছিয়ে পড়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা।তবে ম্যাচের শেষ ভাগে বদলে যায় পুরো চিত্র। ৭৯তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। মাত্র চার মিনিট পর নিজেই গোল করে দলকে সমতায় ফেরান মেসি।সমতায় ফেরার পরও থামেনি আর্জেন্টিনার আক্রমণ। যোগ করা সময়ের এক দুরন্ত কাউন্টার অ্যাটাক থেকে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে প্রথমবারের মতো এগিয়ে দেন আলবিসেলেস্তেদের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা। দুর্দান্ত এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা