বনভোজনের নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের
মির্জাপুরে বনভোজন শেষে ফেরার পথে নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ২বিদ্যুতের তারে স্পর্শে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত আরও চারজনটাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে বনভোজন শেষে নৌকায় ফেরার পথে বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর এলাকার একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রংপুরের সাজ্জাত হোসেন এবং শেরপুর জেলার জিকুল মিয়া। তারা দুজনই গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে কর্মসূত্রে বসবাস করতেন। সাজ্জাত মৌসুমে ইটভাটায় কাজ করতেন এবং বর্তমানে বাসের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জিকুল মিয়া একটি বেসরকারি খাদ্যপ্রতিষ্ঠানে চাকরি করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাওয়াল মির্জাপুর এলাকায় বিভিন্ন পেশায় কর্মরত ২৮ থেকে ৩০ জন নৌকাযোগে মহেড়া জমিদারবাড়ি এলাকায় বনভোজনে অংশ নেন। সন্ধ্যায় ফতেপুর স্কুল ঘাট থেকে গান বাজিয়ে নৌকাটি ফেরার পথে ঝিনাই নদী অতিক্রম করে ভুলবশত পাশের বিলে ঢুকে পড়ে। এ সময় বিলের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।আহতদের দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাজ্জাত হোসেন ও জিকুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রবিন মিয়া, লিপটন মিয়া, রানা আহমেদ ও মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নৌকায় থাকা কয়েকজন জানান, গান বাজানোর মধ্যে হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানি দেখা যায়। পরে চিৎকার শুনে তারা বুঝতে পারেন কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।