ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩,৮৮৯, আহত ১৬ হাজারের বেশি

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩,৮৮৯, আহত ১৬ হাজারের বেশিআন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এখনও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ৯ হাজার ৬০৩ টন খাদ্য এবং এক কোটি ২১ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৮ হাজার ৮৩৬ জন চিকিৎসাসেবা পেয়েছেন।ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ৩০ হাজার ৭৬ জন কর্মী, ২৯ হাজার ৩৪৪ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৯৩১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন বলে জানান তিনি।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মূল দুই ভূমিকম্পের পর এখন পর্যন্ত এক হাজার ১৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।উল্লেখ্য, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি।

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩,৮৮৯, আহত ১৬ হাজারের বেশি