ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেটকারের চালক (২৫)। আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাসভর্তি অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহত রাকিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। প্রাইভেটকারটি ট্রাকের পেছনে আটকে থাকায় গাড়ির কিছু অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করতে হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।