গাজার ৭০ শতাংশ এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা উপত্যকার অন্তত ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ধাপে ধাপে গাজায় তাদের সামরিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে।তিনি বলেন, “আমরা এখন গাজার ৬০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি। আগে ছিলাম ৫০ শতাংশে, এখন তা ৬০ শতাংশে পৌঁছেছে। আমি নির্দেশ দিয়েছি ধাপে ধাপে ৭০ শতাংশ পর্যন্ত এগিয়ে যেতে। আপাতত সেখান থেকেই শুরু করা হোক।”নেতানিয়াহুর এ বক্তব্যের সময় সম্মেলনে উপস্থিত কিছু শ্রোতা পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবিতে স্লোগান দেন।তবে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে গত এপ্রিলের শেষদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) যে মানচিত্র দিয়েছিল, তাতে দেখা যায়—গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল যদি আরও এলাকা দখলে নেয়, তাহলে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি ছোট ও বিধ্বস্ত একটি অংশে সীমাবদ্ধ হয়ে পড়বেন। এতে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা জুড়ে থাকা ‘ইয়েলো লাইন’ পর্যন্ত সামরিক কার্যক্রম সীমাবদ্ধ রাখার কথা ছিল ইসরায়েলি বাহিনীর।তবে গত মঙ্গলবার হামাস অভিযোগ করে, ইসরায়েল নতুন করে সীমারেখা পরিবর্তন করছে এবং ধীরে ধীরে গাজায় তাদের সামরিক নিয়ন্ত্রণ স্থায়ী করার চেষ্টা চালাচ্ছে।
হামাসের ভাষ্য, এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং গাজায় চলমান সংকটকে আরও জটিল করে তুলবে।