ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযান
ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশের অভিযাননারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার ‘আসলাম বিরিয়ানি’ দোকানে এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতির পর ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া ব্যক্তিদের কেউ খাবার নিতে আসেননি।পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বুরুন্দি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করতে পারেন বলে তথ্য পায় পুলিশ। তাঁদের দুপুরের খাবারের জন্য স্থানীয় একটি বিরিয়ানির দোকানে আয়োজন করা হয়েছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অবস্থান নেন পুলিশ সদস্যরা।দোকানটির পরিচালক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। অর্ডারকারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। তাঁরা জানিয়েছিলেন, শুক্রবার জুমার নামাজের পর দোকানে বসে খাবেন। তবে দুপুরে পুলিশ অবস্থান নেওয়ার পর অর্ডারকারীদের কেউ আসেননি।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিলের উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরপর পুলিশ সেখানে অবস্থান নেয়। তবে পরে কাউকে মিছিল করতে দেখা যায়নি।ওসি আরও বলেন, বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।