ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

মতিঝিলে বিক্ষোভে পুলিশি অভিযান, আহত বহু গ্রাহক

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনায় অন্তত অর্ধশত গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা সকালে প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে। লাঠিচার্জে অনেকেই আহত হন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা জানান।বিক্ষোভকারীদের দাবি, নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের ফলে ব্যাংকে পুনরায় অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ পুনর্বিবেচনা ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, কয়েকশ আন্দোলনকারী প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় মতিঝিলের ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং যানজটের সৃষ্টি হচ্ছিল। তাদের বারবার সরে যেতে অনুরোধ করা হলেও তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেডসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।ঘটনার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে মো. খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের পর থেকেই একাংশ গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানো হলে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটি নতুন করে আস্থার সংকটে পড়তে পারে।

মতিঝিলে বিক্ষোভে পুলিশি অভিযান, আহত বহু গ্রাহক