যাদুকাটা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে চার্জশিট
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর।সোমবার (৬ জুলাই) তাহিরপুর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল গ্রহণকারী) আদালতে অভিযোগপত্র জমা দেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই চার্জশিট দাখিল করা হয়েছে।চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন। এছাড়া ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বার, ঢালারপাড় (লাউড়েরগড়) গ্রামের জামাল মিয়া ও বিল্লাল মিয়া এবং রাজারগাঁও জাঙ্গালহাটি গ্রামের বোরহান উদ্দিনসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারার বাইরে নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর পরিবেশ ও তীরবর্তী এলাকার ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।