বারিধারায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস, কিশোরকে সংশোধনাগারে
বারিধারায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস, কিশোরকে সংশোধনাগারেরাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আরেফিন ইসলাম কিশোরকে সংশোধনাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।জামিন আবেদনে কিশোরের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার সময় সে গাড়ির চালকের পাশের আসনে বসা ছিল। এতে আরও বলা হয়, নিহত মেহেদী শ্রবণ ও বাক্প্রতিবন্ধী ছিলেন এবং হর্ন দেওয়ার পরও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।আবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।তবে পুলিশের আবেদনে বলা হয়, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনার পর কিশোরকে গাড়ির চালকের আসনের দিক থেকে বের হতে দেখা গেছে। তদন্তে ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।এর আগে ২৩ সেপ্টেম্বর মেহেদীর বড় ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় গাড়িচালক হিসেবে আকাশ মারক নামে একজনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার ফুটপাতে থাকা মেহেদীকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।