ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০ জনকে ঠেলে দেওয়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা

ভারত-বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে ‘পুশইন’ বা সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বলছে, গত কয়েক সপ্তাহে অন্তত ২০টি পয়েন্টে প্রায় ২০০ জন মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, বিএসএফ সীমান্তের কাঁটাতারের গেট ব্যবহার করে রাতে আলো বন্ধ রেখে এসব কার্যক্রম চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রতিবারই বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে এসব মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।জানা গেছে, মে মাসের শেষ দিক থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও মানুষ ‘নো ম্যান্স ল্যান্ড’-এ আটকা পড়ে মানবিক সংকটের সৃষ্টি হয়।বিজিবি কর্মকর্তারা দাবি করেন, স্থানীয় জনগণ এখন সীমান্ত নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ফলে অনেক ক্ষেত্রেই এসব ‘পুশইন’ ঠেকানো সম্ভব হচ্ছে।তবে বিএসএফ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিজিবির দাবি, বিভিন্ন বৈঠকে বিএসএফ এসব অভিযোগ অস্বীকার করেছে।স্থানীয়দের মতে, সীমান্তে আটকে পড়া মানুষদের সমস্যা মানবিকভাবে সমাধান হওয়া উচিত এবং এ ধরনের পরিস্থিতি আইনগত ও কূটনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০ জনকে ঠেলে দেওয়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা