ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
RTN News

পুলিশের অভিযানের খবরে পালানোর সময় মৃত্যু আওয়ামী লীগ নেতার

বরিশালে গ্রেফতার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের (৫০) মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাশেদ খান মেনন নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।কাউনিয়া থানা পুলিশ জানায়, রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন। রোববার দুপুরে তাকে গ্রেফতার করতে তার বাসায় যায় কাউনিয়া থানা পুলিশের একটি দল। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি বাসা ছেড়ে চলে যান। ফলে তাকে গ্রেফতার না করেই ফিরে আসে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ আসছে—এমন খবর পেয়ে রাশেদ খান মেনন ভবনের ছাদে ওঠেন। পরে তিনি নিজের ভবন থেকে পাশের একটি ভবনের ছাদে লাফ দেন। সেখান থেকে নিচে নেমে দেয়াল টপকে পাশের গোরস্থান হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কাঁচা সড়কে পা পিছলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে। এছাড়া তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।রাশেদের বড় ছেলে সাহেল বলেন, “ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম। পরে খবর পেয়ে এসে দেখি বাবাকে সিএনজিচালিত অটোরিকশায় হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ বলেন, “তাকে গ্রেফতার করতে পুলিশ তার বাসায় গিয়েছিল। তবে বাসায় না পাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে জানতে পেরেছি তিনি মারা গেছেন।”

পুলিশের অভিযানের খবরে পালানোর সময় মৃত্যু আওয়ামী লীগ নেতার