বরিশালে মালিক সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, ২৪ ঘণ্টা ধরে বন্ধ ৫ রুটের বাস চলাচলবরিশাল: বাস মালিক সমিতির নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীর পূর্ব তীরের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচটি রুটে বাস চলাচল ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, বরিশাল থেকে কীর্তনখোলা নদী পেরিয়ে চরকাউয়ায় পৌঁছানোর পর যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়ছেন। বিকল্প হিসেবে ভ্যান ও থ্রি-হুইলার ব্যবহার করতে হলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।চরকাউয়া বাস মালিক সমিতির বর্তমান সভাপতি ও চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, চরকাউয়া থেকে লাহারহাট, কাটাদিয়া, মাতব্বরের হাট, লক্ষ্মীপাশা ও ডিসি সড়ক—এই পাঁচটি রুটে প্রায় ৬০টি বাস চলাচল করে। মালিক ও শ্রমিকদের দাবি, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।তিনি অভিযোগ করেন, সাবেক ছাত্রদল নেতা মামুন খন্দকার শ্রম অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কমিটি গঠন করেছেন। শনিবার বরিশাল নগরে তাঁর গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রতিটি বাস থেকে অতিরিক্ত ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।তবে নতুন কমিটির সভাপতি দাবিদার ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, বাস চলাচল বন্ধ রেখেছেন শাহাদাৎ হোসেন। তাঁর দাবি, তিন মাস আগে এমপি মজিবর রহমান সরোয়ার নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।আন্দোলনরত শ্রমিক মো. নাছির খান বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। দাবি পূরণ না হলে আন্দোলন প্রত্যাহার করা হবে না।এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নাইস বলেন, বাস চলাচল বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৩০ হাজার যাত্রী দুর্ভোগে পড়ছেন। মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।