পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধারবরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুঁই আক্তারের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীর পাড় থেকে জুঁইয়ের লাশ উদ্ধার করা হয়।জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে রোববার সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় আসে জুঁই। পরে স্বজনদের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার ভালো না জানায় জোয়ারের স্রোতে হঠাৎ নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও তাঁকে খুঁজে পাননি।পরে জুঁইকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। তবে নদীতে স্রোত বেশি থাকায় রোববার উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস।প্রায় ৩৩ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।