ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
RTN News

মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে উড্ডয়ন করেছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে পেরিয়ে গিয়ে বিমানবন্দরের উত্তর-পশ্চিম প্রান্তে অচল হয়ে পড়ে। এ সময় মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও বিমানটি আঘাত করে।মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা রোববার সন্ধ্যার এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। তিনি জানান, দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।মায়ামির ফায়ার চিফ রাইয়েড জাদাল্লাহ জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের কয়েকজন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের ভেতরে বা নিচে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাঁদের সেখান থেকে বের করে আনেন।দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে। মায়ামি-ডেড ফায়ার রেসকিউ জানিয়েছে, দুই শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন। আগুন নিয়ন্ত্রণে এলেও দুর্ঘটনাস্থলে জ্বালানি তেল লিক করছে বলে জানিয়েছেন ফায়ার চিফ জাদাল্লাহ।দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। লেবার ডে উপলক্ষে ছুটির সপ্তাহান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে এটি বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ সময়।মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, নর্থ ক্যারোলিনাভিত্তিক চার্টার কোম্পানি ২১ এয়ার পরিচালিত আমাজনের ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে পেরিয়ে যায় এবং বিমানবন্দরের উত্তর-পশ্চিম প্রান্তে গিয়ে থেমে যায়।এদিকে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করবে। সংস্থাটি সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।আমাজন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। আমাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশন্সের পরিচালক কেলি ন্যান্টেল বলেন, মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় পাঁচজনের প্রাণহানিতে তারা গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবার, স্বজন ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫