ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

সম্পত্তি বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজী ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি কাজী সিরাজুল ইসলাম (৬২)। আহত হয়েছেন মো. কাজী মাসুদ রানা (৩৬), যিনি সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার কাজী সুমন ও কাজী তুষার ধারালো অস্ত্র নিয়ে কাজী সিরাজুল ইসলাম ও কাজী মাসুদ রানার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।হামলায় গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।সদরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পত্তি বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত