ফেসবুকের পরিচয় থেকে প্রেম, চীনা যুবক এলেন ঠাকুরগাঁওয়ে বিয়ে করতে
ফেসবুকের পরিচয় থেকে প্রেম, চীনা যুবক এলেন ঠাকুরগাঁওয়ে বিয়ে করতেফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে সুদূর চীন থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসেছেন শিওং ঝেনতিং নামের এক চীনা যুবক। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।শিওং ঝেনতিং চীনের শিনজিয়াংয়ের আলার শহরের বাসিন্দা। অন্যদিকে, নাসিমা আক্তারের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় গ্রামে। তিনি ওই এলাকার আবুল কালামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানে থাকাকালীন ফেসবুকের মাধ্যমে চীনা যুবক শিওং ঝেনতিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সম্পর্কের পরিণতি হিসেবে নাসিমাকে বিয়ে করার উদ্দেশ্যে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন শিওং ঝেনতিং। এরপর তিনি নাসিমাদের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।চীনা যুবকের বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়ার পর তাকে দেখতে নাসিমাদের বাড়ির আশপাশে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। তবে নাসিমা ও শিওং ঝেনতিংয়ের সঙ্গে গণমাধ্যমকর্মী বা স্থানীয়দের কথা বলতে দিচ্ছে না পরিবার।পরিবারের সদস্যরা জানান, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নাসিমা ও ওই চীনা যুবকের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি এতে ইমিগ্রেশনসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন।এ কারণে গণমাধ্যমকর্মীরা সরাসরি নাসিমা ও শিওং ঝেনতিংয়ের বক্তব্য নিতে পারেননি।
তবে চীনা নাগরিকের ঠাকুরগাঁওয়ে আসার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, বিয়ের উদ্দেশ্যে চীন থেকে এক নাগরিক ঠাকুরগাঁওয়ে এসেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। তবে নাসিমার পরিবার বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।