ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
RTN News

ভারতের উত্তরাখন্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ ৬ জনের মৃত্যু

উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বদ্রিনাথ থেকে যাত্রী নিয়ে ফেরার পথে জোশীমঠ উপত্যকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় কর্মকর্তারা জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। এর এক ঘণ্টারও বেশি সময় আগে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করে।নিহত পাঁচ যাত্রীর সবাই ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা। তাঁদের মধ্যে একজন বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পরিদর্শক ছিলেন। অন্য যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টারটির পাইলট হিমাংশু দিল্লির বাসিন্দা। তিনি বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্স ভারত অ্যাভিয়েশনের মালিকানাধীন হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারী বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। কয়েকটি স্থানে তুষারপাতের খবরও পাওয়া গেছে। উত্তরাখন্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটির (ইউসিএডিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতীক জৈন জানান, আবহাওয়া অনুকূলে থাকার পরই হেলিকপ্টারটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর দেড়টার দিকে জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে এর ট্র্যাকিং সিস্টেম থেকেও কোনো সংকেত পাওয়া যাচ্ছিল না।নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে দুটি অতিরিক্ত হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছিল। উদ্ধার অভিযানে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, চামোলি জেলা প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা।দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের পুরো বহরের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এর আগে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছিলেন, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর নির্দেশও দিয়েছিলেন তিনি। তবে পরে হেলিকপ্টারের ছয় আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।চলতি মাসেই উত্তরাখন্ডে চারধাম যাত্রার সময় আরও দুটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। এর মধ্যে একটি খারাপ আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগে এবং অন্যটি কারিগরি ত্রুটির কারণে তেহরিতে জরুরি অবতরণ করে। এর মধ্যেই বদ্রিনাথ থেকে ফেরার পথে নতুন এই দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটল।উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখন্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল প্রাণঘাতী এবং সাতটি ঘটনায় প্রাণহানি ঘটেনি। এসব ঘটনার মধ্যে জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটি এবং মাটিতে সংঘটিত দুর্ঘটনাও রয়েছে। এর আগে গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছিলেন।

 ভারতের উত্তরাখন্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ ৬ জনের মৃত্যু